কলসিন্দুরের অদম্য মেয়েরা উচ্ছ্বসিত
বাড়িতে বিদ্যুৎ আসার সম্ভাবনা দেখেই ময়মনসিংহের ধোবাউড়ায় কলসিন্দুর গ্রামের অদম্য মেয়েরা বেশ উচ্ছ্বসিত। খুব দ্রুতই এ বিদ্যুৎসংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ সমিতির একটি প্রতিনিধি দল গতকাল সোমবার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ১৯ অদম্য মেয়ে ফুটবলারের গ্রামে যায়। বিদ্যুৎসংযোগ দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে সেখানে জরিপকাজও চালায়।
ফুটবল খেলে অদম্য ওই মেয়েরা অনন্য গৌরব অর্জন করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপের চ্যাম্পিয়ন তারা। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের হয়ে নেপালে অনুষ্ঠিত এএফসি কাপ খেলেছে। প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদনে তাদের কৃতিত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মেয়ে ফুটবলারদের বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাদের কীর্তি তুলে ধরতে প্রথম আলোর পক্ষ থেকে নির্মাণ করা হয় ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্যচিত্র। সম্প্রতি ওই মেয়েরা জানায়, তাদের বাড়িতে বিদ্যুৎসংযোগ নেই। এটাই তাদের চাওয়া।
বিষয়টি জানতে পেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের বাড়িতে বিদ্যুৎসংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই নেওয়া হলো এ উদ্যোগ।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সূত্র জানায়, গতকাল সকালে সংস্থার নির্বাহী প্রকৌশলী হিন্দোল দাসসহ একটি প্রতিনিধি দল ওই মেয়ে ফুটবলারদের বাড়িতে যায়। তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে কটি খুঁটি ও কী পরিমাণ বিদ্যুতের তার লাগতে পারে, তা পর্যালোচনা করেন দলের সদস্যরা।
পল্লী বিদ্যুৎ সমিতির ধোবাউড়া উপজেলার প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ওই মেয়েদের বাড়িতে বিদ্যুৎসংযোগ দেওয়ার ব্যবস্থা করতে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহাব্যবস্থাপক রেজা উল্লাহ খান বলেন, খুব দ্রুত ওই মেয়েদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় কয়েকজন মেয়ে ফুটবলারের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। বাড়িতে বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনায় তারা উচ্ছ্বাস প্রকাশ করে। বিদ্যুৎ এলে দেশ-বিদেশের নামীদামি খেলোয়াড়দের খেলা দেখে অনেক কিছু শেখা যাবে বলে মনে করেন তারা।
আরও পড়ুন: