কলসিন্দুরের মেয়েদের অপমানের ঘটনায় প্রতিবাদ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের কলসিন্দুরের নয় কৃতী মেয়ে ফুটবলারকে শিক্ষকের জুতাপেটার হুমকি ও এক মেয়ের বাবাকে মারধরের ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে।
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার লোকজন যোগ দেন। এর আগের দিনও ময়মনসিংহ, শেরপুর ও খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক জুবেদ আলী তালুকদার ছাড়াও ওই মেয়ে ফুটবলারদের অনিরাপদ লোকাল বাসে করে বাড়িতে পাঠানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ শাস্তির দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলার সময় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, জনউদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সভাপতি হায়দার জাহান চৌধুরী প্রমুখ।