কলসেন্টার ভিলেজ গড়ে তোলার পরামর্শ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সম্ভাবনাময় শিল্পক্ষেত্র হিসেবে কলসেন্টারগুলোকে এক জায়গায় এনে কলসেন্টার ভিলেজ গড়ে তোলার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ২০ আগস্টের মধ্যে কমিটিকে জানানোর জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে। রোববার সংসদ ভবনে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে কলসেন্টার শিল্প তৈরির ক্ষেত্র প্রস্তুত। বর্তমানে ৬১টি কলসেন্টার চালু রয়েছে। এসব সেন্টারে ছয় হাজারের বেশি শিক্ষিত তরুণ-তরুণী কাজ করছেন। কলসেন্টারগুলো বর্তমানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কমিটির পক্ষ থেকে সব কলসেন্টারকে এক জায়গায় এনে কলসেন্টার ভিলেজ নির্মাণের সুপারিশ করা হয়েছে। বৈঠকে বিটিআরসি কর্তৃক একটি শক্তিশালী কমিটি গঠন করে কলসেন্টার প্রতিষ্ঠার একটি গাইড লাইন আগামী ২০ আগস্টের মধ্যে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে ইন্টারনেট সেবা সহজলভ্য করার জন্য ইন্টারনেট এক্সচেঞ্জ গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার জন্য পুনরায় মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়।