কলহ মেটাতে এসে নির্যাতনে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহ মেটাতে এসে শিকল দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যার দিকে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বুলারআটি গ্রামে।

নিহত ব্যক্তির নাম হায়াত আলী (৪০)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের শাহাদাত সরদারের ছেলে। তাঁর ভাই জাকাত আলী ও বেল্লাল হোসেনের ভাষ্যমতে, হায়াত আলী সাতক্ষীরা সদর উপজেলার বুলারআটি গ্রামের অজিয়ার সরদারের মেয়ে রনজিনা খাতুনকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। রনজিনার ভাই শহিদুল ইসলাম গত রোববার রাতে স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদকে বিষয়টি মীমাংসার জন্য ডাকেন। ইউপি সদস্য হায়াত আলীকে চেয়ারের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালান। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় অজিয়ার সরদারের বাড়ি থেকে পায়ে শিকল বাঁধা, চেয়ারে বসা ও গলায় দড়ি লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। আলীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ  দাবি করেন, হায়াত আলীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তাঁর ধারণা, হায়াত আত্মহত্যা করেছেন।

নিহত ব্যক্তির বাবা আবদুল হামিদ, শহীদুল ইসলাম ও আবুল কাশেম নামের তিনজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যার অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান জানান, সোমবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  হায়াতের বাবার দেওয়া অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হবে।