কলহের জেরে দেহে আগুন লাগালেন তিনি!
রাজধানীর বংশালে আগুনে পুড়ে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দাম্পত্য কলহের জের ধরে মাইনুদ্দিন নামের ওই ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন বলে জানিয়েছে পরিবার। আজ শনিবার সকাল সোয়া সাতটায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বংশালের বাংলা দুয়ার এলাকার পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ভোররাত সাড়ে চারটার দিকে মাইনুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।
মারা যাওয়া মাইনুদ্দিনের ভাই সোহেল বলেন, তাঁর ভাই মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সপ্তাহ খানেক আগে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ নিয়ে মাইনুদ্দিনের স্ত্রী সীমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে কয়েক দিন তিনি বাসায় না এলেও দুদিন আগে আবার বাসায় ফেরেন।
সোহেল আরও বলেন, নিয়মিত বিল পরিশোধ না করায় মাইনুদ্দিনের বাসার গ্যাসের লাইন বিচ্ছিন্ন ছিল। এ জন্য তাঁর পরিবার কেরোসিনের স্টোভে রান্না করতেন। মাইনুদ্দিন ওই স্টোভের তেলই নিজের গায়ে ঢালেন। তাঁর ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য পরিবারটি বংশাল থানায় আবেদন করেছে বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে।