ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৩ ও ২০১৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ভালো ফলের জন্য ৯০ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় উপাচার্য বলেন, মানবিক শিক্ষা ছাড়া মূল্যবোধ ও মনুষ্যত্বের বিকাশ হয় না। বিশ্বে আজ জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ হচ্ছে, কিন্তু সব মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত হচ্ছে না। বিশ্বকে শান্তির বিশ্ব বানাতে সবাইকে মানবিক ও মূল্যবোধের শিক্ষা গ্রহণ করতে হবে।
সম্মানিত অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা মানবচর্চাকে গুরুত্ব দিতে ব্যর্থ হচ্ছি। ফলে মানবিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি মানববিদ্যা, মানবকল্যাণ, দর্শন, দর্শনের বিভিন্ন দিক, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, পুঁজিবাদসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বেগম আকতার কামাল, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী উন্মেষ রায় ও নুসরাত গুলজার।