কলা চুরির অভিযোগে অমানুষিক নির্যাতন
দুই কাঁদি কলা চুরির অভিযোগে রমজান আলী (২১) নামের এক ব্যক্তিকে শারীরিক নিযার্তনের পরে মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মেখে, গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘোরানো হয়েছে।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দুধগাড়ী গ্রামের বিষা প্রামাণিকের কলাবাগান থেকে দুই কাঁদি কলা চুরির অভিযোগে পাশের গোপীনাথপুর গ্রামের আলেক প্রামাণিকের ছেলে রমজানকে আটক করা হয়।রমজান জানান, বিষার ছেলে ইসমাইল ও জাহাঙ্গীরের নেতৃত্বে তাঁরা কয়েক ভাই এবং স্থানীয় লোকজন তাঁকে মারধর করেছেন। প্রায় এক ঘণ্টা নির্যাতনে তিনি প্রায় অচেতন হয়ে পড়ার একপর্যায়ে তাঁর চুল কেটে, গলায় জুতা ও মাটির হাঁড়ির তৈরি মালা পরিয়ে তাঁকে ওই গ্রাম ও নাজিরপুর বাজার ঘুরিয়ে ইউপি কার্যালয়ে আটকে রাখা হয়। রমজান জানান, তিনি পেটের তাগিদে কলা চুরি করেছিলেন। বাগানমালিকের ছেলে ইসমাইল হোসেন দেখে ফেলায় তিনি কলা ফেলে দৌড়ে বাঁচার চেষ্টা করেছিলেন। রমজানের মা খাদেজা খানম জানান, নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় তাঁর পরিবার মামলা করতে ভয় পাচ্ছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে ইসমাইলকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন দাবি করেন, কলা ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই যুবক রমজানকে ধরে ফেলেন। এ সময় প্রতিবেশীরা এসে রমজানকে ধরে মারধর করার পর মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মেখে ইউপি কার্যালয়ে রেখে আসেন। তাঁরা কেউ ওই ঘটনায় জড়িত নন। গ্রাম পুলিশ আফসার আলী জানান, হাত-পা বেঁধে রমজানকে মারধর করে ভোর থেকেই একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন বিষার ছেলেরা। বিষার ছেলে জাহাঙ্গীরের নির্দেশে রমজানকে ইউপি কার্যালয় ভবনে আনা হয়। পরে রমজানের বাবা এসে তাঁকে নিয়ে যান। নাজিরপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অমানবিক ও দুঃখজনক।