কলাগাছ দিয়ে শহীদ মিনার, অতঃপর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রমিকেরা। ছবি: মজিবর রহমান খান।
কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রমিকেরা। ছবি: মজিবর রহমান খান।

ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা তাঁদের। তবে ধারে-কাছে কোনো শহীদ মিনার নেই। কিন্তু মহান একুশের বিশেষ দিনে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা তো জানাতেই হবে। অগত্যা কলাগাছ দিয়েই শহীদ মিনার গড়লেন তাঁরা। জানালেন বিনম্র শ্রদ্ধা।

আজ শুক্রবার ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন কিছুসংখ্যক শ্রমিক। তাঁরা ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) শিবগঞ্জ বাফার সার গুদামে কাজ করেন।
গতকাল সন্ধ্যায় কলাগাছ দিয়ে শ্রমিকেরা প্রতীকী শহীদ মিনার গড়েন। সেখানে আজ কাজ শুরু করার আগে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান গুদামের শতাধিক শ্রমিক। ভাষা আন্দোলনের প্রতি অদম্য আবেগ ও ভাষাশহীদদের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ রাখেন এভাবে।

বিসিআইসি বাফার সার গুদামে গিয়ে দেখা গেছে, কলাগাছের তিনটি টুকরো মাটিতে পুঁতে তৈরি করা হয়েছে তিনটি মিনার। প্রতিটি মিনারের ওপর অপেক্ষাকৃত ছোট কলাগাছের তিনটি টুকরো তির্যকভাবে আটকে দেওয়া হয়েছে। কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রতিটি মিনার। টাঙিয়ে দেওয়া হয়েছে জড়ি, রঙিন কাগজ, নানান রঙের বেলুন আর ফুল।

সকালে দেখা যায়, গুদামের সার পরিবহনের জন্য অপেক্ষা করছে তিনটি ট্রাক। কাজে ফেরার জন্য চালকদের অবিরাম তাড়া উপেক্ষা করে শ্রমিকেরা দাঁড়ালেন তাঁদের গড়া শহীদ মিনারের সামনে। এর পর বয়োজ্যেষ্ঠ শ্রমিকদের হাতে তুলে দিলেন একটি ফুলের স্তবক। কয়েকজন শ্রমিক মিলে এই স্তবক নিয়ে রাখেন মিনারের বেদিতে। এর পর অন্য শ্রমিকেরাও একে একে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে তাঁরা নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শ্রদ্ধা জানানো শেষে শ্রমিকেরা যে যার কাজে মন দেন।

হাবিবুর রহমান নামের গুদামের একজন শ্রমিক প্রথম আলোকে বলেন, গুদামে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সারের বস্তা বয়ে নেওয়ার কাজ করতে হয়। দূরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর বাড়তি সময় শ্রমিকদের হাতে থাকে না। তাই তাঁরা গুদামের সামনেই একটি শহীদ মিনার নির্মাণ করার কথা ভাবেন। তিনি বলেন, ‘এ ভাবনা থেকে আমরা কয়েকজন শ্রমিক মিলে কলাগাছ দিয়ে একটি শহীদ মিনার তৈরি করি। এর খরচা আমরা নিজেরাই ভাগাভাগি করে দিয়েছি।’

মোহাম্মদ আলী নামের একজন শ্রমিক বলেন, ‘যাঁরা আমাদের ভাষার জন্য মূল্যবান জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যদি দুই টাকা আয় কমও হয়, তাতে কোনো ক্ষতি নেই। ছোট হলেও এখানে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হলে আমরা খুব সহজে শহীদদের শ্রদ্ধা জানাতে পারতাম।’

গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কাজ কিছুটা পিছিয়ে পড়লেও আমরা তা নমনীয়ভাবে দেখছি। এখানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করা যায় কি না, ভেবে দেখব আমরা।’