কলাগাছের ভেলা উল্টে দুই ভাইয়ের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে কলাগাছের ভেলা উল্টে দুই শিশু মারা গেছে। এরা সম্পর্কে ভাই। গতকাল রোববার বিকেলে উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে ছানাউল্লার ছেলে তফাজ্জুল হোসেন (৫) ও তারেক হোসেন (৭)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের চারদিক বন্যাকবলিত থাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে কলাগাছের ভেলায় চড়ে তারেক, তফাজ্জুলসহ চার শিশু বাড়ির পাশে ঘুরছিল। একপর্যায়ে ভেলা হঠাৎ উল্টে গেলে চার শিশু পানিতে তলিয়ে যায়। এর মধ্যে দুজন সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও তারেক ও তফাজ্জুল পানিতে তলিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই প্রথম আলোকে জানান, এলাকাবাসী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে তারকে ও তফাজ্জুলকে অবচেতন অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। রাতে দুই শিশুর মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।