কলাগাছের ভেলায় হেঁইয়ো... হেঁইয়ো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে আয়োজন করা হয় কলাগাছের ভেলার ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুর খালে। ছবি: প্রথম আলো
মাদারীপুরে আয়োজন করা হয় কলাগাছের ভেলার ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুর খালে। ছবি: প্রথম আলো

মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো-এমন নানা কোরাসে মাদারীপুরে অনুষ্ঠিত হয় কলাগাছের তৈরি ভেলার ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা।
জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি এলাকার সাধুর খালে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই সাধুর খালের পাড়ে ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক মানুষ। দর্শকেরা নৌকায় চড়ে, খালের পাড়ে ও ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা। তা ছাড়া এই বাইচ উপলক্ষে খালের পাশে বসে গ্রাম্য মেলা।

ব্যতিক্রমী এই ভেলাবাইচ দেখতে খালের পাড়ে ও নৌকায় ভিড় করে দর্শনার্থীরা। রাজৈর, ৬ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
ব্যতিক্রমী এই ভেলাবাইচ দেখতে খালের পাড়ে ও নৌকায় ভিড় করে দর্শনার্থীরা। রাজৈর, ৬ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, এলাকাবাসীর মধ্যে ভিন্নমাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলার ব্যতিক্রমী এই বাইচের আয়োজন করে। এই প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের গ্রাম ও জেলার প্রতিযোগীরা। এই ভেলাবাইচে ৫ ভাগে ৫৩ দল অংশ নেয়। পরে চূড়ান্ত পর্বে কার্তিক বৈদ্য ভেলা প্রথম হয়। তা ছাড়া উপজেলার আমগ্রাম থেকে আসা কৃষ্ণ করাতির ভেলা দ্বিতীয় ও তৃতীয় হয় জগদীশ ভক্তের ভেলা। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম দলকে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও বাকি দুই দলকে পুরস্কার হিসেবে মোবাইল ফোন দেওয়া হয়।

রাজৈর উপজেলা থেকে ২০ কিলোমিটার ভেতরে চৌরাশি গ্রাম। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সাধুর খাল। এই খালেই আয়োজন করা হয়েছে ভেলাবাইচের এ প্রতিযোগিতা। খালটির এক কিলোমিটার এলাকাজুড়ে এ প্রতিযোগিতা চলে।

টেকেরহাট এলাকা থেকে আসা দর্শনার্থী দীপিকা রানী প্রথম আলোকে বলেন, ‘আমি এ ধরনের বাইচের প্রতিযোগিতা আগে কখনো দেখিনি। এমন আয়োজনের কথা শুনে পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছি। খুব আনন্দ পেয়েছি।’

মাদারীপুর সদর উপজেলা থেকে আসা দর্শনার্থী আরিফুর রহমান বলেন, ‘নৌকাবাইচ অনেক দেখেছি। কিন্তু কলাগাছের তৈরি ভেলাবাইচ জীবনে প্রথম দেখলাম। ব্যতিক্রমী এই আয়োজন দেখে সত্যিই মুগ্ধ।’

মারো ঠেলা হেঁইয়ো... আরও জোরে হেঁইয়ো...। সাধুর খাল, রাজৈর, ৬ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
মারো ঠেলা হেঁইয়ো... আরও জোরে হেঁইয়ো...। সাধুর খাল, রাজৈর, ৬ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

ভেলাবাইচে প্রথম হওয়া কার্তিক বৈদ্য বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিতে আমি চারটি কলাগাছ কেটে একটি ভেলা তৈরি করেছি। ভেলায় আমরা পাঁচজন ছিলাম। প্রতিযোগিতায় প্রথম হতে পেরে খুব আনন্দ লাগছে।’

চৌরাশি যুবসমাজের আহ্বায়ক ও ভেলাবাইচ প্রতিযোগিতার উদ্যোক্তা প্রশান্ত মণ্ডল বলেন, ‘আমরা আগে এই এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করতাম। এখানকার বিলে ও খালে আগের মতো পানি নেই। কম পানিতে নৌকাবাইচের আয়োজন করা সম্ভব নয়। তাই এবারই এই খালে ব্যতিক্রমী ভিন্ন আয়োজন করেছি। দর্শনার্থীদের ভিড় আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে করতে চাই।’

বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকায় এমন ভিন্নধর্মী আয়োজনের কথা শুনে পরিবার নিয়ে চলে এসেছি। আয়োজনটি ছোট হলেও দর্শকের কমতি ছিল না। দর্শকেরা আয়োজকদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ দিয়েছে।’