কলাগাছের শহীদ মিনারই ভরসা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২৮টির মধ্যে ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তাই বলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তো আর বন্ধ থাকতে পারে না। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছরই কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারে ফুল দিয়েই ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়। শিক্ষার্থীরা জানান, কলাগাছ দিয়ে বানানো অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তারা ইতস্তত বোধ করেন। কিন্তু উপায় নেই। স্থায়ীভাবে শহীদ মিনার বানাতে খরচ হবে ৩০-৪০ হাজার টাকা। সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব। এল কে এইচ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের আশপাশের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো শহীদ মিনার নেই। প্রতিবছর ২০ ফেব্রুয়ারি কলাগাছ দিয়ে বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার তৈরি করি। পরদিন শিক্ষক-শিক্ষার্থীরা মিলে পুষ্পমাল্য অর্পণ করি। বিষয়টি খুবই খারাপ লাগলেও কিছুই করার নেই।’ চরলক্ষ্মী জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিলাল হোসেন বলেন, ‘বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের জন্য কোনো অর্থ আমাদের নেই। কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারই ভরসা।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল তারেক বলেন, শহীদ মিনার বানাতে আমাদের কোনো বরাদ্দ নেই। আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে। অথচ ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে কোনো শহীদ মিনার আমাদের এ প্রতিষ্ঠানে নেই। শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় দাতাদের উদ্বুদ্ধ করতে হবে। এ নিয়ে শিক্ষকদের বৈঠকে আলোচনা হবে।