কলাপাড়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত হওয়ায় নাগরিকদের প্রত্যাশাও বেড়ে গেছে।
এদিকে এ উপলক্ষে গতকাল বুধবার পৌরসভা প্রাঙ্গণে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার আগে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পৌরসভা ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২ মার্চ টিয়াখালী ইউনিয়নের কলাপাড়া বন্দরকে নিয়ে কলাপাড়া পৌরসভা হয়।
স্থানীয় সরকার বিভাগ গত ১৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে এ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করে। গত ৫ অক্টোবর এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার সাবেক প্রশাসক মো. সুলতান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান।
পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার বাসিন্দা শামসুল আলম বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়ার খবর শুনে আমরা আনন্দিত। তবে নাগরিক সুবিধা আগের চেয়ে বাড়াতে হবে। বিশেষ করে নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ভূমিকা নিতে হবে।
নাগরিকদের প্রত্যাশা নিয়ে মুঠোফোনে পৌর মেয়র রাকিবুল প্রথম আলোকে বলেন, রাস্তাঘাটসহ পানি নিস্কাশনব্যবস্থার আরও
উন্নয়ন করা হবে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা দূর করা, সড়কবাতি স্থাপনের কাজ করা হবে। মেয়র বলেন, পানি সরবরাহ ব্যবস্থার জন্য নতুন বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি ট্যাংক নির্মাণ করা হবে।