কলাপাড়া রাডার স্টেশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত রাডার স্টেশন ও পাইলট বেলুন অবজারভেটরির নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়েছে। কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বারবার বলা হলেও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি৷ ওই যন্ত্রটি ঘূর্ণিঝড়ের সংকেত দেয়৷
রাডার স্টেশন কার্যালয় থেকে জানা গেছে, ১৯৬৯ সালে কলাপাড়া উপজেলা সদরে ১০ একর ৪০ শতাংশ জমির ওপর প্রথমে কনভেনশনাল রাডার স্টেশন স্থাপিত হয়। তখন থেকেই এটি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ১-গ শ্রেণীভুক্ত ছিল।
পরবর্তী সময়ে কনভেনশনাল রাডারের প্রযুক্তিগত কার্যকারিতা কমে গেলে পুরোনো স্থাপনা ভেঙে ২০০৮ সালে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ডপলার রাডার স্থাপন করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে কেপিআই ১-খ শ্রেণীতে উন্নীত করা হয়। তখনই এর নিরাপত্তার জন্য প্রধান ফটকের উত্তর পাশে ১০ সদস্যের একটি পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়। কিন্তু সেখানে কোনো পুলিশ িনয়োগ দেওয়া হয়নি৷
সরেজমিনে দেখা গেছে, পুলিশ ব্যারাকটি খালি পড়ে রয়েছে। অথচ এখানে পুলিশ সদস্যদের থাকার জন্য সব ধরনের সুবিধা রয়েছে৷ শুরু থেকেই ব্যারাকে নিরাপত্তা পুলিশ দেওয়া হয়নি। এর ফলে প্রধান ফটক দিয়ে যেকোনো সময় যে কেউ অবাধে স্টেশনের ভেতরে ঢুকে যেতে পারছে। আবার বহিরাগতদের কেউ কেউ পূর্বপাশের সীমানাপ্রাচীর টপকে যখন-তখন ভেতরে ঢুকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা রাডার কম্পাউন্ডের মাঠে গরু-ছাগলও বেঁধে রাখছেন৷ এ অবস্থায় রাডার স্টেশনটি রক্ষায় ১০ সদস্যের নিরাপত্তা পুলিশ অতি দ্রুত নিয়োগ দেওয়া জরুরি৷
এদিকে গতকাল বৃহস্পতিবার বিশেষ শ্রেণীভুক্ত স্থাপনা হিসেবে এর সমস্যাগুলো সরেজমিনে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চার সদস্যের একটি জরিপ দল রাডার এলাকা পরিদর্শন করেন। এই দলের প্রধান ছিলেন বরিশাল রেঞ্জের আরআরএফ কমান্ড্যান্ট কাজী মোরতাজ আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন উপপরিচালক এবং পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে ছিলেন কলাপাড়া-গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মঈনুল হক৷
মঈনুল হক বলেন, ‘আমরা কিছু সমস্যা চিহ্নিত করেছি। এর আলোকে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে হয়তো পরবর্তী ব্যবস্থা নেবে৷
এ বিষয়ে জানতে চাইলে রাডার স্টেশন ও পাইলট বেলুন অবজারভেটরির (পিবিও) ইলেকট্রনিক প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমরা বহুদিন ধরে এর নিরাপত্তা নিয়ে শঙ্কিত৷ আমরা সব সময় এ বিষয়ে বলে আসছি৷’