কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার দুটি নতুন কেন্দ্র
পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য নতুন দুটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। গত রোববার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
কেন্দ্র দুটি হলো কলাপাড়া পৌর শহরের কলাপাড়া মহিলা কলেজ এবং মৎস্যবন্দর মহিপুরের মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ। এর আগে কলাপাড়া উপজেলা সদরে শুধু মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রের অধীনে এইচএসসি পরীক্ষা হতো। এই খবরে শিক্ষক ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের এ বছরের এইচএসসি পরীক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলে, ‘এখন থেকে আমাদের এলাকার শিক্ষার্থীদের ১৯ কিলোমিটার দূরে কলাপাড়া পৌর শহরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে না। নতুন কেন্দ্র হওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে।’
মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. কালিম উল্লাহ্ বলেন, এত দিন উপজেলা সদরে একটি মাত্র পরীক্ষা কেন্দ্র ছিল। মহিপুর, কুয়াকাটার শিক্ষার্থীদের পরীক্ষার সময় অন্তত এক মাস বাড়ি ভাড়া করে উপজেলা সদরে অবস্থান করে পরীক্ষা দিতে হতো। নতুন কেন্দ্র হওয়ার ফলে সেই ভোগান্তি লাঘব হবে।