কলাপাড়ায় প্রথম আলোর ত্রাণ পেলেন ১৫০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নজিবপুর, নিজামপুর ও কোমরপুর গ্রামের ১৫০ জন বাসিন্দাকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের প্রত্যেককে চার কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু দেওয়া হয়। বন্ধুসভার সদস্যরা বিকেল চারটার দিকে নজিবপুর গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের মাঠে ক্ষতিগ্রস্ত ওই নারী-পুরুষদের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ পেয়ে নজিবপুর গ্রামের ষাটোর্ধ্ব মো. জালাল উদ্দিন বলেন, ‘মোর ঘর-দুয়ার ভাইংগ্যা গ্যাছে। মাইনষের বাড়িগোনে চাইয়া চাউল আইন্যা গ্যাছে দুই দিন খিদা মিডাইছি। সামনের দুই দিন আমনেগো চাউল দিয়া চলতে পারমু।’

কোমরপুর গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম বলেন, ‘মোরা গরিব মানুষ। খাওনে-পরনে কষ্টে আছি। হেইয়ার মধ্যে ঘূর্ণিঝড়ডায় সব শ্যাষ কইর‌্যা দেছে। চাউল-আলু পাওনে মোরা খুশি অইছি। দুই বেলা প্যাট ভইর‌্যা খাইতে পারমু।’

ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সাবেক সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ, সদস্য তানজিল জামান, নাট্যকর্মী সজল কর্মকার, মহিপুর বন্দরের ব্যবসায়ী মো. হেদায়েত উল্লাহ, প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ প্রমুখ।