কলাপাড়ায় ফানুস উড়িয়ে প্রবারণা উৎসব পালিত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ফানুস উড়িয়ে রাখাইন সম্প্রদায়ের প্রবারণা উৎসব পালিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নতুনপাড়া, কুয়াকাটা, গোড়া আমখোলাপাড়া, কেরানীপাড়া, কালাচানপাড়া, বৌলতলীপাড়া, হাড়িপাড়া, বেতকাটাপাড়া, নাচনাপাড়াসহ ২৬টি রাখাইনপাড়ায় ফানুস উড়িয়ে রাখাইন সম্প্রদায়ের লোকজন প্রবারণা উৎসবের সূচনা করেন।
রাখাইন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বৃহস্পতিবার পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রতিটি বৌদ্ধবিহারে মোমবাতি প্রজ্বালন, ঘণ্টা বাজানো, পঞ্চমশীল অনুষ্ঠান, পূজা অর্চনা ও ধর্মীয় আলোচনা। তবে এ উৎসবের প্রধান আর্কষণ হচ্ছে ফানুস ওড়ানো।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়ার ধর্ম বিজয় বৌদ্ধবিহারে দেখা গেছে, রাখাইন যুবক ও তরুণেরা ফানুস ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। আশপাশের এলাকা থেকে প্রচুর লোক এসেছে ফানুস ওড়ানোর মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে। প্রায় আধা ঘণ্টার প্রস্তুতির পর ফানুসের মুখে আগুন ধরিয়ে দিলে ফানুসটি আকাশে উড়ে যেতে থাকে। সবার অপলক চোখ তখন উড়ে যাওয়া ফানুসটির দিকে। উপস্থিত দর্শকদের হইহুল্লোরে এক আনন্দঘন পরিবেশ তখন বিরাজ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে থেকেই রাখাইন সম্প্রদায়ের তরুণ-যুবকেরা ফানুস তৈরির কাজ শুরু করেন। এ বছর প্যারাসুট ফানুস, মালা ফানুস, লেস ফানুস বেশি তৈরি করা হয়েছে। একেকটি ফানুস তৈরি করতে ৮০০ থেকে এক হাজার টাকা খরচ হয়েছে।
উৎসব উপলক্ষে প্রতিটি বৌদ্ধমন্দির সাজানো হয়েছিল বর্ণাঢ্য সাজে। মন্দির ও বাড়িতে অতিথিদের কুকি, পাটিসাপটা, পাতা পিঠা, বিন্নি চালের সুস্বাদু পিঠা, বিশেষ ধরনের ক্ষীর ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।