কলাপাড়ায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ২০
বিএনপির পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার কলাপাড়া পৌর শহরসহ নীলগঞ্জ, লোন্দা, বালিয়াতলী, ধুলাসার, হাজীপুর, মহিপুরের ফেরি ও খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির উপজেলা শাখার নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল কলাপাড়া পৌর শহরের হাইস্কুল ক্যাম্পাসে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির উপজেলা শাখা। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। কিন্তু পথে ওই এলাকাগুলোতে তাঁদের ওপর রাম দা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। হামলায় মো. মোফাজ্জেল হোসেন, মো. হুমায়ুন কবীর, মাসুদ, জাকারিয়া খান, মো.জসিম উদ্দিন, মো. আবু সালেহ, আবদুর রহমান, গোলাম মোস্তফা, ইউসুফ মাতুব্বর, জাহাঙ্গীর মাঝিসহ কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত যুবদলের ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার কর্মী মো. মোফাজ্জেল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে বিএনপির উপজেলা শাখার নেতারা অভিযোগ করেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সুলতান মাহমুদ বলেন, ‘এই ঘটনা কারা কীভাবে ঘটিয়েছে তা আমরা জানি না। তবে এতটুকু বলতে পারি, আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত নয়।