পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তিনটি কলেজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজ তিনটির পাসের হার বোর্ডের পাসের হারের চেয়ে কম হওয়ায় গত সোমবার এ নোটিশ দেওয়া হয়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
পাসের হার ৩০ শতাংশের নিচে হওয়ায় কলাপাড়া মহিলা কলেজের এমপিও, স্বীকৃতি ও পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া কলাপাড়ার ধানখালী ডিগ্রি কলেজ ও কুয়াকাটা খানাবাদ কলেজের এইচএসসি পরীক্ষার পাসের হার ৫০ শতাংশের নিচে হওয়ায় কলেজ দুটির এমপিও, স্বীকৃতি ও পাঠদানের অনুমতি কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়।
কুয়াকাটা খানাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সি এম সাইফুর রহমান খান বলেন, ‘আমরা নোটিশ পেয়েছি।’ কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন বলেন, ‘আমার কলেজের পাসের হার ৩৫ দশমিক ১১। অথচ ১৩ দশমিক ১১ উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে।’ ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র হাওলাদার বলেন, ‘আমরা এখনো নোটিশ পাইনি।’