উপজেলা পরিষদ নির্বাচনের ধারাবাহিকতা পৌরসভা নির্বাচনেও বজায় থাকবে কি না, তা নিয়েই যত শঙ্কা পটুয়াখালীর কলাপাড়ার মানুষের। তাঁরা বলছেন, মানুষ ভোট দিতে চায়। কিন্তু ‘সকাল ১০টার মধ্যে’ ভোট শেষ হয়ে গেলে তা হবে হতাশার।
গতকাল বুধবার কলাপাড়া পৌরসভার নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে ভোট দিতে মানুষ আগ্রহী। কিন্তু ভোট কেমন হবে, তা নিয়ে তাঁদের যথেষ্ট সন্দেহ আছে। অনেকেই আশঙ্কা করছেন, ভোট সুষ্ঠু হবে না। উপজেলা নির্বাচনের মতো ‘সকাল ১০টার মধ্যে’ ভোট শেষ হয়ে যাবে।
স্থানীয় একটি কলেজের শিক্ষক মো. রফিকুল ইসলাম মনে করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং পরে উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় মানুষের মধ্যে এ নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনেও মানুষ ভোট দিতে পারেননি, উপজেলা
নির্বাচনেও নয়। পৌর নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না বলে তিনি মনে করেন।
অবশ্য কেউ কেউ বিপরীত মতও দিয়েছেন। ব্যবসায়ী মো. নজরুল ইসলাম আশা করেন, নির্বাচন সুষ্ঠু হবে। তাঁর কথায়, ‘কাল আমি কী দিয়ে ভাত খামু, তা আমি জানি না। তাই নির্বাচন কেমন হবে, তা বলা যাচ্ছে না। আর যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা সব সময় একটু উল্টাপাল্টা করেনই।’
কলাপাড়া পৌরসভার বর্তমান মেয়র এস এম রাকিবুল আহসান বলেছেন, ভোট কেমন হবে, তা নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা আছে। উপজেলা নির্বাচন থেকেই যে মানুষের এমন আশঙ্কা জন্মেছে, সেটাও তিনি অস্বীকার করেননি। তিনি প্রথম আলোকে বলেন, এই আশঙ্কা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের।
কলাপাড়ায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর মাসুম খান। স্থানীয় সূত্রগুলো বলেছে, এখন পর্যন্ত তিন প্রার্থীই শান্তিপূর্ণভাবে ভোটের মাঠে আছেন। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। যদিও বিএনপির প্রার্থী এর মধ্যে দুবার আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন।
হুমায়ুন কবির বলেন, পরিবেশ এখন পর্যন্ত ভালো। তবে সামনে যদি পরিবেশ খারাপও হয়, তাহলেও শেষ পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন। ভোট দিতে না পারা নিয়ে মানুষের আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি তিনি। তিনি বলেন, ‘তবে এখন পর্যন্ত সবকিছু ভালো। শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকবে বলে আশা করছি।’
স্থানীয় সূত্রগুলো বলেছে, মেয়র প্রার্থিতা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে অসন্তোষ রয়েছে। প্রাথমিকভাবে এখানে ছয়জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যাঁদের মধ্যে তৃণমূলের সমর্থন ছিল বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসানের প্রতি। স্থানীয় পর্যায় থেকে তাঁর নামই মনোনীত করে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয় পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদারকে। এর পেছনে বরিশাল অঞ্চলের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর ‘হাত রয়েছে’ বলে অনেকে মনে করেন।
বিপুল চন্দ্র হাওলাদার মনে করেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। তিনি বলেন, ‘এবার প্রথম নৌকা মার্কায় পৌরসভা নির্বাচন হচ্ছে, আর কলাপাড়ায় নৌকার ভোট সব সময় বেশি।’ প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের মনোনয়ন বোর্ড যাঁকে যোগ্য বলে মনে করেছেন, তাঁকেই মনোনীত করেছেন। আর শুধু আবুল হাসানাত আবদুল্লাহ নন, জননেত্রী শেখ হাসিনাও আমাকে চেনেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেন, পৌর নির্বাচনে মানুষ যেন ভোট দিতে পারেন, সেটা অন্তত নিশ্চিত করা জরুরি। একের পর এক নির্বাচনে যদি মানুষ ভোট দিতে না পারেন, তবে সেটা দল ও গণতন্ত্রের জন্য ভালো হবে না। মানুষ আরও হতাশাগ্রস্ত হয়ে পড়বে।