পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করা হয়েছে। এ সময় আলতাফ হোসেন ও সংবাদকর্মীদের বহন করা দুটি মাইক্রোবাসসহ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় আলতাফ হোসেনের স্ত্রীসহ আটজন আহত হন।
সকাল সাড়ে নয়টার সময় কলাপাড়া পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী ছাড়াও পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী, পটুয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক খান, যুগ্ম সম্পাদক মো. আউয়াল আকন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলায় গাড়িবহরের ছয়টি মাইক্রোবাস, পাঁচটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আলতাফ হোসেনের মাইক্রোবাসের সামনের ও পাশের কাচ ভেঙে যায়। এ সময় পটুয়াখালীর সংবাদকর্মীদের বহন করা (ঢাকা মেট্রো-চ-১১৯০৯৯) মাইক্রোবাসটিও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। যমুনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি জাকারিয়া হৃদয় বলেন, ‘আমরা পটুয়াখালীর কয়েকজন সংবাদকর্মী হামলার সময় খবর সংগ্রহ করছিলাম। ওই সময় হামলাকারীরা আমাদের ওপরও চড়াও হয়। হামলায় বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আবদুস সালাম অরিফ, ভোরের আলোর জেলা প্রতিনিধি সরোজ দত্ত ও সময় টেলিভিশনের ক্যামেরাপারসন সুজন দাম আহত হন।’
আলতাফ হোসেন চৌধুরী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সরকার বলেছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর পক্ষে দলের নেতারা সমানভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবেন। কিন্তু যেভাবে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হলো, তাতে মনে হয়েছে পৌর নির্বাচন হবে প্রহসনমূলক।’ তিনি এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারসহ তাঁর সমর্থকদের দায়ী করেন। পৌরসভা নির্বাচনের আগে হামলায় নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
গাড়িবহরে থাকা পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান বলেন, আলতাফ হোসেনের গাড়িবহর যখন রহমতপুর সড়ক ধরে শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ে যাচ্ছিল, তখন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মোরসালীন আহম্মেদ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ওরফে টিটোর নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িবহর আটকে দেয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন বলেন, হামলায় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জড়িত।
বিএনপি সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে গণসংযোগ এবং দলের নতুন বাজার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে নির্ধারিত কর্মিসভায় অংশ নেওয়ার জন্য আলতাফ হোসেন কলাপাড়া সফর করেন। মোরসালীন আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। মাহমুদুল আলম বলেন, ‘যখন গাড়ি ভাঙচুর হয়, তখন আমি বাসায় ছিলাম। খবর পেয়ে দৌড়ে গিয়ে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমরা এর সঙ্গে জড়িত না।’
বিএনপির প্রার্থী আবদুল আজিজ মুসুল্লি বলেন, এ ঘটনায় আমি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’