কলাপাড়ায় ছয়টি কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ছয়টি কেন্দ্র দখল করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা ভোট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে কুয়াকাটায় এক কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
সকাল সাড়ে নয়টার মধ্যে কলাপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের খেপুপাড়া নেছারুদ্দীন ফাজিল মাদ্রাসা, ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯ নম্বর ওয়ার্ডের মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রতিটি বুথ থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এসব কেন্দ্রের খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের সামনেই এ ঘটনা ঘটে। সকাল সোয়া নয়টার দিকে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা দৌড়ে এদিক-সেদিক চলে যাচ্ছেন। এ সময় ৬ নম্বর বুথের পোলিং এজেন্ট আখতার জাহান দৌড়ে এসে বলেন, ‘আমি কাউন্সিলর প্রার্থী হাসানুজ্জামান সিকদারের এজেন্ট ছিলাম। আমাদের কক্ষে সন্ত্রাসী ছেলেপেলেরা প্রবেশ করে কয়েকজন এজেন্টকে মারধর করেছে। এজেন্টদেরও বের করে দিয়েছে।’ এ সময় ওই কেন্দ্রে উপস্থিত বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির বলেন, ‘দেখলাম ছাত্রলীগ-যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী এসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার টেবিলে থাকা ব্যালট পেপার ছিনিয়ে নেন। এরপর তাঁরা নৌকা প্রতীকে সিল মারতে থাকেন।’ কলাপাড়া আওয়ামী লীগ মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বিএনপির অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আসলে বিএনপি নিজেদের পরাজয় বুঝতে পেরে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। কোথাও কোনো অনিয়ম হয় নাই।’
বেলা সোয়া ১১টার দিকে কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন অভিযোগ করেন, কলপাড়ায় প্রতিটি কেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরেছে। সকাল সাড়ে নয়টার মধ্যে কলাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডের খেপুপাড়া নেছারুদ্দীন ফাজিল মাদ্রাসা, ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯ নম্বর ওয়ার্ডের মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র দখল করা হয়। এরপর ৪ নম্বর ওয়ার্ডের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন ভোটকেন্দ্র দখল হয়ে যায়। এ ছাড়া কুয়াকাটার ভোট গত রাতেই শেষ হয়েছে। তিনি এই দুই পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেন।
রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের অনিয়ম নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছি।’