কলাপাড়ায় টর্নেডো, ঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া ও মঞ্জুপাড়া গ্রামে টর্নেডোতে ১৪টি বসতঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে গ্রাম দুটির ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়।
মঞ্জুপাড়া গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার বলেন, ‘আবহাওয়া ভালোই আছেলে। আমরা ঘুমাইতে যামু ঠিক হেই সময় দক্ষিণ-পূর্ব দিক দিয়া শোঁ শোঁ শব্দ হুনি। আর হেই লগে গরম বাতাস বইতে থাহে। হেইয়ার মধ্যে সবকিছু যেন ভাইংগ্যা-চুইর্যা্ লইয়া যাইতে থাহে। গ্রামের মানুষজন অনেকেই তহন ঘুমাইয়া আছেলে।’
চর চান্দুপাড়া গ্রামের বাসিন্দা ফারুক খান বলেন, টর্নেডো দুই মিনিট স্থায়ী ছিল। এ সময় গ্রামের বাসিন্দারা ভয় পেয়ে অনেকে চিৎকার করতে থাকেন।
চর চান্দুপাড়া গ্রামের বাসিন্দা ও লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবুল বাশার বলেন, ‘ঘরে স্ত্রী-সন্তানদের লইয়া বইস্যা থাকতে পারছেলাম না। সব উড়াইয়া লইয়া যাইবে মনে হইতেছেল।’
মো. আবুল বাশার জানান, টর্নেডোর আঘাতে গ্রামের এমদাদ হাওলাদার, মনির হাওলাদার এবং মঞ্জুপাড়া গ্রামের হান্নান গাজী ও মিন্টু গাজীর বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া চর চান্দুপাড়া গ্রামের সান্টু গাজী, জাহাঙ্গীর আকন, শাহিন তালুকদার, নয়ন খান, আবু কালাম, হেলাল হাওলাদার, মো.আনোয়ার হোসেন, জাসির মৃধা, মঞ্জুপাড়া গ্রামের তাসিনা বেগম ও খলিল মাস্টারের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালুয়া ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ঝড়ে বেশ কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। তা ছাড়া গ্রামীণ সড়ক ও বাড়িঘরের অনেক গাছপালা উপড়ে গেছে।