কলাপাড়ায় তাপবিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীপােরর ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া, চর নিশানবাড়িয়া ও মধুপাড়া গ্রাম নিয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এলাকার বাসিন্দারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার মধুপাড়া লঞ্চঘাটসংলগ্ন মাঠে এই কর্মসূচি পালিত হয়।
লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ধানখালী ইউপির সদস্য ফিরোজ তালুকদার, লালুয়া ইউনিয়নের নয়াকাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কৃষক শরীফ আলী মৃধা প্রমুখ। সমাবেশ থেকে এলাকার বাসিন্দারা এই প্রকল্প বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানান। এই প্রকল্প বাতিল করার যৌক্তিকতা তুলে ধরে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদনও করা হয়েছে।
লিখিত ওই বক্তব্যে বলা হয়েছে, কোনো ধরনের সমীক্ষা এবং জনমত যাচাই না করে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হলে মানুষ তথা পশুপাখি, গাছপালা বিলীন হয়ে যাবে। ধানখালী ইউনিয়নের ধান ও ফসল আবাদের ওপর বিরূপ প্রভাব পড়বে। তা ছাড়া এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলে কয়লার যে বর্জ্য নদীতে নিঃসরিত হবে, তার তেজস্ক্রিয়তায় অত্র এলাকাসংলগ্ন টিয়াখালী নদী, রাবনাবাদ নদী ও আন্ধারমানিক নদীতে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছের ওপরও বিরূপ প্রভাব পড়বে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই তিনটি মৌজার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর পরিবেশ রক্ষার জন্য বন বিভাগ উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় হাজার হাজার গাছ লাগিয়েছে৷ উপকূলের মানুষ দুর্যোগ থেকে রক্ষা পেতে ব্যাপক বনায়ন সৃষ্টি করে পরিবেশ রক্ষার জন্য যেখানে চেষ্টা করছে, সেখানে এ রকম একটি প্রকল্প বাস্তবায়ন করা হলে মানুষসহ প্রাণিকুল হুমকির মুখে পড়বে। স্থানীয় প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, ওই প্রকল্প বাস্তবায়নের জন্য ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মৌজায় ১৮৭ একর, চর নিশানবাড়িয়া মৌজায় ১৫ দশমিক ৫০ একর এবং মধুপাড়া মৌজায় ৮০০ একর জমি অধিগ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৯ মার্চ চীনা কোম্পানি সিএমসির সঙ্গে যৌথ মালিকানায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের পাশে ১৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।