কলাপাড়ায় নৌকা ডোবার ৫২ ঘণ্টা পর শিশুর লাশ
পটুয়াখালীর কলাপাড়ায় নৌকাডুবির ৫২ ঘণ্টা পর আন্ধারমানিক নদ থেকে নিখোঁজ স্কুলছাত্রী সামিয়ার (৬) লাশ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর ফেরিঘাটের ১০০ মিটার দক্ষিণ-পশ্চিম কোণ থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
জেলে আক্কাস হাওলাদার বলেন, ‘আমরা মাছ ধরতে ছিলাম। এর ভেতরে একটি লাশ ভাসতে দেখি। পরে খবর পেয়ে পুলিশ এসে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।’
গত রোববার সন্ধ্যায় খেয়ানৌকা ডোবার পর স্থানীয় ব্যক্তিরা প্রথমে মো. বেলায়েত হোসেন ও পরে আবদুল হালিম নামের দুজনের লাশ উদ্ধার করে। সর্বশেষ সামিয়ার লাশ উদ্ধার করা হলো।
রোববার সন্ধ্যায় কলাপাড়ায় ফেরির সঙ্গে ভেড়ানো যাত্রীবাহী খেয়ানৌকার ওপর একটি ইটবোঝাই ট্রাক উঠে গেলে ট্রাকটিসহ নৌকাটি ডুবে যায়। এ ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো থানায় মামলা হয়নি।