কলাপাড়ায় ফেরিডুবি, সব যাত্রীকে উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর ফেরি পারাপার পাঁচ ঘণ্টা পর সচল হয়েছে। গত বুধবার রাত ১০টার সময় তিন শতাধিক পর্যটক নিয়ে ফেরি পার হওয়ার সময় মাঝনদীতে ফেরিটি ডুবে যায়। অতিরিক্ত পরিবহনসহ যাত্রী বোঝাইয়ের কারণে ফেরির তলদেশ ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ফেরিতে থাকা পর্যটকসহ যাত্রীদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা পাঁচ-সাতটি নৌকা-ট্রলারে করে আটকে পড়া বাসযাত্রীদের উদ্ধার শুরু করেন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার তৎপরতা চালায়। সর্বশেষ রাত তিনটার দিকে ফেরিতে আটকে থাকা বাকি ৪০ জন পর্যটকসহ যাত্রীদের উদ্ধার করা হয়। ফেরিতে চারটি যাত্রীবাহী বাস, তিনটি মাইক্রোবাস ও একটি ধানবোঝাই ট্রাক ছিল।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম বলেন, ‘প্রায় তিন ঘণ্টা ধরে র্যাপিড পাম্প লাগিয়ে ফেরির পানি নিষ্কাশন করি। এ রকম করে ফেরির ভেতরের অংশের তিনটি পার্টিশনের আটকে থাকা পানি নিষ্কাশন করতে হয়েছে। দ্রুত কাজ করার কারণে বড় রকমের দুর্ঘটনার হাত থেকে যাত্রী ও সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি।’
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের কলাপাড়ার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মো. এনামুল হক বলেন, মূলত অতিরিক্ত বোঝাইয়ের কারণে ফেরির তলদেশ ফেটে যায়। পরে দ্রুত ঝালাই মেশিন লাগিয়ে ফাটল মেরামত করা হয়। রাতেই ফেরি সচল করে দেওয়া হয়।