কলাপাড়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট এলাকার পপুলার ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালিয়ে মোহাম্মদ শরীফ জালাল (৪৪) নামের একজন ভুয়া এমবিবিএস চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম দীপক কুমার রায়ের ভ্রাম্যমাণ আদালত এই আদেশ প্রদান করেন।
কলাপাড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ শরীফ জালাল নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে মেডিসিন, প্যারালাইসিস, বাতজ্বর ও ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও চর্ম-যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচয় দিয়ে রোগী দেখে লাখ লাখ টাকা আয় করেছেন। ওই ব্যক্তি তাঁর ব্যবস্থাপত্রে ডিগ্রি হিসেবে এমবিবিএস, পিজিটি, এফসিপিএস (মেডিসিন) পার্ট-২ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা উল্লেখ করেছেন। নিজে চিকিৎসক না হয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দীপক কুমার রায় বলেন, ভুয়া পদবি ব্যবহার এবং চিকিৎসক সনদ না থাকায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ (২) ধারা মোতাবেক ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।