কলাপাতায় 'অ আ ক খ' লিখে হাতেখড়ি
গতকাল বৃহস্পতিবার ছিল তাদের হাতেখড়ি। বর্ণমালা লেখার মধ্য দিয়ে মাতৃভাষাকে আপন করে নেওয়ার আনন্দঘন দিন। সেই আনন্দ নিয়ে পৌষের শেষ বিকেলে ছোট্ট সোনামণিরা গায়ে শীতের কাপড় জড়িয়ে ভিড় করেছিল শিশু একাডেমীতে। মঞ্চে তখন জ্ঞানী-গুণী অতিথিরা। একসময় হইচই করে শিশুরাও চলে এল মঞ্চে। তাদের সামনে দেওয়া হলো কলাপাতা, কাগজ আর রং-তুলি। প্রধান অতিথি সেলিনা হোসেনসহ অন্য অতিথিরা শিশুদের হাতে হাত রেখে তুলি দিয়ে কলাপাতায় রেখা টেনে লিখলেন ‘অ আ ক খ’।
এরই মধ্যে শোনা গেল গান ‘অ আ ক খ বর্ণমালা সবার প্রিয় বর্ণমালা’। আর এভাবেই হাতেখড়ি হলো কোমলমতি শিশুদের। ‘হাতেখড়ি অনুষ্ঠান’ নামের এই আয়োজনটি করেছে বাংলা ভাষা শিক্ষক পর্ষদ। গতকাল বিকেলে শিশু একাডেমীতে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমীর চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আয়েশা খানমের সভাপতিত্বে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, রওশন জাহান, চিত্রশিল্পী গুপু ত্রিবেদী। স্বগত বক্তব্য দেন হাতেখড়ি অনুষ্ঠানের আহ্বায়ক ফারজানা পারভীন। আরও বক্তব্য দেন বাংলা ভাষা শিক্ষক পর্ষদের মহাসচিব সেলিম আকন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘হাতেখড়ি হলো শিক্ষার প্রথম শর্ত। আজকে যেসব শিশু হাতেখড়ি নিল, তারা ফুল হয়ে ফুটবে, সৌরভ ছড়াবে। শিশুদের চিন্তার বিকাশ ঘটুক। তাদের জীবন সার্থক ও সফল হোক।’
আলোচনা পর্বের শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল নাটক, কবিতা আবৃত্তি, ছড়া ও গান। অংশ নেয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মারুফ-শারমীন মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিশুরা। এ ছাড়া ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি গেয়ে শোনান শিল্পী বুলবুল মহলানবীশ।