
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদর থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাওয়ার মহাসড়কটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার। এর মধ্যে পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত ১১ কিলোমিটার অংশই বেহাল। কিন্তু আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় তিন বছর ধরে মেরামত করা যাচ্ছে না সড়কটি।
একই সড়কের আলীপুর চৌরাস্তা থেকে অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত ২০০ মিটার অংশও ভেঙেচুরে একাকার। এ অংশে সংস্কার নেই দুই বছর।
পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, ২০০৯-২০১৪ অর্থবছরে এ মহাসড়কের পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত উন্নয়নকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রায় সাত কোটি টাকার এ কাজের মান ভালো না হওয়ায় বিল আটকে দেয় সওজ। পরেসওজের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের দুটি দল পৃথকভাবে বিষয়টি তদন্ত করে। তাদের প্রতিবেদনেও কাজের মান ভালো হয়নি বলে উল্লেখ করা হয়।বিল আটকে দেওয়ার বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম পটুয়াখালীর দেওয়ানি আদালতে ২০১৪ সালে একটি মামলা করেন। এরপর আদালত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সড়কে উন্নয়নকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। ফলে আজ পর্যন্ত সে অবস্থায়ই পড়ে আছে সড়কটি। ২০১৫ সালে আরও দুটি মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে অভিযোগ করা হয়, আদালত অবমাননা করে সওজ উন্নয়নকাজ করেছে। যদিও এ অভিযোগ সঠিক নয়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কটির পাখিমারা থেকে মৎস্যবন্দর মহিপুর পর্যন্ত বহু জায়গায় বিটুমিন উঠে ইট-বালু-খোয়া বের হয়ে গেছে। সড়কজুড়ে গর্ত আর গর্ত। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির পানি জমে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। এর মধ্য দিয়ে চলছে বাস, পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যান। চলার সময় কাদাপানি ছিটে সড়কের পাশের দোকানের মালামাল ও পথচারীদের জামাকাপড় নষ্ট করে দিচ্ছে।
বাসচালক জুয়েল ফরাজী বললেন, ‘এই রাস্তা পার অইতে যাইয়া জানের কিছু থাহে না। ধাক্কায় ধাক্কায় যাত্রীরা বেসামাল অইয়া যায়।’
এলাকাবাসী ও সওজ সূত্রে জানা যায়, একই সড়কের মৎস্যবন্দর আলীপুর চৌরাস্তা থেকে অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত ২০০ মিটারও সংস্কার ছাড়াই পড়ে আছে দুই বছর ধরে। এবারের বর্ষা মৌসুমে এখানে দু-তিন দফা ইট ফেলা হয়। তবে যানবাহনের চাপে কিছুদিনের মধ্যেই সড়ক আগের রূপ নেয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের এ অংশ ভেঙেচুরে বেহাল। বিটুমিন উঠে গিয়ে বলতে গেলে খালে পরিণত হয়েছে। তার ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। আলীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম হচ্ছে আলীপুর ও মহিপুর। প্রতিদিন এখান থেকে লাখ লাখ টাকার ইলিশসহ নানা প্রজাতির মাছ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। সড়কের দুরবস্থার কারণে এখানকার মৎস্য ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝেমধ্যে মাছবাহী ট্রাক, পিকআপ ভ্যান বা লরি সড়কের ভাঙা অংশে পড়ে আটকে যায়।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, কলাপাড়া-কুয়াকাটা সড়কপথে তিনটি সেতু চালু হওয়ায় কুয়াকাটায় আগের তুলনায় পর্যটকের সংখ্যা বেড়েছে। তাই পর্যটনের স্বার্থেই সড়কটির দ্রুত উন্নয়ন করার দাবি জানান তিনি।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি বাবু পাল বলেন, ‘সড়কের দুরবস্থার কারণে এ পথে চলাচলকারী যানবাহনের যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হয়। প্রতি মাসেই মেরামত করতে হয়। এতে আমরা আর্থিক ক্ষতির মধ্যে পড়ছি। আমরা মনে করি, গুরুত্বপূর্ণ একটি সড়ক এভাবে বছরের পর বছর সংস্কারবিহীন থাকতে পারে না। জনস্বার্থের কথা ভেবে সড়কটি নিয়ে চলমান মামলার দ্রুত নিষ্পত্তি করা দরকার।’
পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আলীপুর চৌরাস্তা থেকে অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত সড়কের কাজ ‘মাইনর পিরিয়ডিক মেইনটেন্যান্স’-এর আওতায় করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রাক্কলন তৈরি করে শিগগিরই দরপত্রের প্রক্রিয়া শুরু হবে। আর আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা মামলার নিষ্পত্তি হলে পাখিমারা-মহিপুর অংশের উন্নয়নকাজ তিন মাসের মধ্যেই করা সম্ভব।