কলাপাড়া-কুয়াকাটা যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুরে ফেরিতে ওঠানামার বেইলি সেতুটি গতকাল রোববার সকাল আটটার দিকে ভেঙে গেছে। এতে কলাপাড়া-কুয়াকাটা সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে স্থানীয় লোকজন ও কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকেরা ভোগান্তিতে পড়েছেন। সোনাতলা নদীর এক পারে হাজীপুর, আরেক পারে পুরান মহীপুর। যানবাহন ফেরিতে করে এই নদী পার হয়। গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, নদীর উত্তর পারে ফেরিতে ওঠার বেইলি সেতুটির পাটাতন ভেঙে একটি বাস আটকে আছে। ওই এলাকার সুলতান আহমেদ জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা এ বাসটি সকাল আটটার দিকে ফেরি পার হয়ে উঠতে গিয়ে বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে যায়। তখন থেকেই কলাপাড়া-কুয়াকাটা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘এর আগেও মেরামত হয়েছিল, টেকেনি। এমনিতেই রোববার রাত থেকে ওই বেইলি সেতুর মেরামতকাজ শুরু করার পরিকল্পনা ছিল। ইতিমধ্যে বেইলি সেতুটি মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত মেরামতকাজ চলবে। এরপর সড়ক যোগাযোগ চালু হবে।’