কলাপাড়া ম্যাক্সিম বন্ধের চিঠি, গ্রাহকদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় অবস্থিত ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অনুমোদন না থাকায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে ১৬ মে অনুমোদনহীন এই শাখা বন্ধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। বাদুরতলী গ্রামের নাসরিন নাহার বলেন, ‘মোরা ভালো মনে কইর‌্যা তিন মাস ধইর‌্যা কিস্তি জমা দেই। এ্যাহন হুনি হ্যাগো অফিসের অনুমোদন নাই। হঠাৎ কইর‌্যা চইল্যা গেলে মোগো কী অইবে।’ কুমারপট্টি এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, ‘আসলে প্রথম থেকেই আমার সন্দেহ হইছে। আমি কোনো হিসাব খুলতে চাইছিলাম না। আমাকে ওই সংস্থাটির ব্যবস্থাপক বললেন, “আপনারা শহরের বড় ব্যবসায়ীরা হিসাব খুললে আমরা আপনাদের দেখিয়ে অন্যদের আকর্ষণ করতে পারব।”’ সংস্থাটির কলাপাড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে কলাপাড়া ও মৎস্য বন্দর আলীপুরে তাদের দুটি কার্যালয় খুলে কার্যক্রম চালানো হচ্ছে। কলাপাড়া কার্যালয়ের অধীনে ২২০ ও আলীপুর কার্যালয়ের অধীনে ২৪০ জন গ্রাহক রয়েছে। এই দুটি এলাকায় তারা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক আমানত প্রকল্প, স্থায়ী আমানত প্রকল্প এবং শিশুশিক্ষা ডিপোজিট প্রকল্প চালু করেছে। তা ছাড়া এসব প্রকল্পের মাধ্যমে তারা ঋণদান কার্যক্রমও চালাচ্ছে। প্রতিষ্ঠানের কলাপাড়া উপজেলা কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবদুস শাকুর বলেন, ‘স্থানীয়ভাবে শাখার অনুমোদন নাই—এটা ঠিক। তবে বিভাগীয় কার্যালয়ের অধীনে আমাদের কাজ করার নিবন্ধন আছে। সেভাবেই স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছি।’ সংস্থার বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিভাগীয় প্রধান মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘সমবায় আইনে এ ধরনের কার্যক্রমে কোনো বাধা নেই।’ তিনি আরও বলেন, ‘শাখা অফিস অনুমোদন দেওয়ার কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। আমরা অনুমতি চেয়ে আবেদন করে রেখেছি। আশা করি অল্প সময়ের মধ্যে অনুমতি পেয়ে যাব।’উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান পাটোয়ারী বলেন, শাখা খুলে কোনো সংস্থা কর্ম এলাকায় তাদের কার্যক্রম চালাতে চাইলে সমবায় আইনে নিবন্ধকের পূর্ব অনুমতি নিতে হবে। কিন্তু সংস্থাটি এ সংক্রান্ত কোনো অনুমোদন না নিয়েই কার্যক্রম শুরু করেছে, যা তারা কোনোভাবেই করতে পারে না। বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক মো. নুরুল আলম কাজীর কাছে সংস্থাটির এ ধরনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সমবায় আইনে ব্যাংকিং কার্যক্রম চালানোর কোনো অধিকার তাদের নেই। সবচেয়ে বড় ব্যাপার ব্যাংকিং কার্যক্রম যে চালাবে তার গ্যারান্টার কে? তারা এ জন্য কার কাছে জবাবদিহি করবে? এটা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কি?’