কলাপাড়া হাসপাতালে পানি নেই সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। শুধু স্বাস্থ্য কমপ্লেক্স নয়, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনেও পানি সরবরাহ বন্ধ রয়েছে।জানা গেছে, ঈদের আগের দিন রাতে হঠাৎ করে পানি তোলার মোটরটি পুড়ে গেলে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। মোটরটি বহুদিনের পুরোনো। স্বাস্থ্য কমপ্লেক্সের স্থাপনাসহ অন্য সবকিছুর সংস্কার করা হলেও পানি তোলার যন্ত্রটি নতুন করে বসানো হয়নি। সরেজমিনে দেখা গেছে, রোগীদের খাওয়াসহ অন্যান্য কাজে ব্যবহারের পানি আনতে হচ্ছে আধা কিলোমিটার দূরের গভীর নলকূপ থেকে। পানি সরবরাহ না থাকায় এখানকার শৌচাগারগুলো ইতিমধ্যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। যার ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থান করা যায় না। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলোতে বসবাসরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কষ্টের যেন শেষ নেই। প্রতিটি আবাসিক ভবনের বাসিন্দারা পানির অভাবে চরম দুরবস্থার মধ্যে রয়েছেন। এক সপ্তাহ ধরে এখানকার বাসিন্দারা গোসলসহ রোজকার কাজে পুকুরের পানি ব্যবহার করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম জাহিরুল হাসান বলেন, ‘আমরা বিষয়টি সঙ্গে সঙ্গেই ফোনে পটুয়াখালী সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। এমনকি গত ৩ সেপ্টেম্বর চিঠি দিয়েও জানিয়েছি। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে আমাদের কী করার আছে!’