কলাপাড়ার জেলেরা সাগরে যাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে জেলেদের ওপর হামলা ও ডাকাতির পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক জেলে ভয়ে গত দুই দিন ধরে সাগরে মাছ ধরতে যাচ্ছেন না। কুয়াকাটা, গঙ্গামতি, মহিপুর, আলীপুর, খালগোড়া ও ঢোস এলাকার জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার দুপুরে কুয়াকাটা থেকে ১০০ কিলোমিটার দূরে সাগরে জেলেদের ওপর হামলা, ডাকাতি এবং কয়েকজন জেলেকে অপহরণের ঘটনায় জেলেরা আতঙ্কে আছেন। অনেক জেলে ডাকাত-আতঙ্কে গত শুক্র ও গতকাল শনিবার সাগরে মাছ ধরতে যাননি। মহিপুর-আলীপুর মত্স্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বললেন, ‘সাগরে জেলেদের নিরাপদে মাছ ধরার বিষয়টি নিশ্চিত করতে হবে। গত কয়েক মাসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। অথচ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।’ গত বুধবার কুয়াকাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে দুই দল ডাকাত (জুলফিকার ও রাজু-আব্বাস বাহিনী) সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে ডাকাতেরা দুই দিক থেকে নিরীহ জেলেদের ওপর হামলা চালায়। এতে মাঝি আলমগীর হোসেন নিহত এবং আবু মিয়া, নুর সাঈদ, হোসেন মিয়া ও নয়া মিয়া আহত হন। ডাকাতেরা সাত জেলেসহ ১২ জনকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে কোস্টগার্ডের কলাপাড়া কন্টিনজেন্ট কমান্ডার মো. লাবু খান বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের নিদ্রাছকিনা ও পাথরঘাটার পদ্মা কন্টিনজেন্ট সমুদ্রে টহল বাড়িয়েছে। অপহূত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।’