কলাপাড়ার দুটি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর ও গঙ্গামতি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিবছর শীত মৌসুমের শুরুতে এসব গ্রামের বাসিন্দারা তীব্র পানির সংকটে পড়ে। সাগরবেষ্টিত ওই ইউনিয়নের দুটি গ্রামে কোনো নলকূপ নেই। ফলে বিশুদ্ধ পানির অভাবে গ্রাম দুটির পাঁচ শতাধিক পরিবার দুর্ভোগের মধ্যে পড়েছে।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) সরেজমিনে ওই দুটি গ্রাম ঘুরে দেখা গেছে, বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়ে গ্রামের বাসিন্দারা সৈকতে কুয়া (গর্ত) খুঁড়েছেন। সৈকত ও পার্শ্ববর্তী এলাকায় ৪০ থেকে ৫০টি কুয়া করা হয়েছে। প্রতিটি কুয়ার গভীরতা ১২ থেকে ১৫ ফুট। এসব কুয়া থেকে গ্রামের বাসিন্দাদের বালতি, জগ ও কলসিতে করে পানি সংগ্রহ করতে দেখা গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত এক মাস ধরে পানির তীব্র সংকট চলছে। পাশাপাশি অবস্থিত এ দুটি গ্রামের দূরত্ব সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার। এ দুটি গ্রামের দু-তিন কিলোমিটারের মধ্যে কোনো নলকূপ নেই। গ্রামের বাসিন্দা মাহিনুর বেগম বলেন, ‘মোরা যে কত কষ্টের মধ্যে আছি, হ্যা কইয়াও শ্যাষ করা যাইবে না। মোগো যেমন আছে খাওনের কষ্ট, হেইরহম আছে পানির কষ্ট। দ্যাহেন না গর্ত কইর‌্যা পানি উডাইয়া মোরা ক্যামনে চলি।’
জাহানারা বেগম বলেন, ‘এই পানি মোরা গোসল আর রান্নাবান্নার কাজে ব্যবহার করি। গোসল করতে যে পরিমাণ পানি লাগে, কুয়ায় গোনে হেই পানি পাওন যায় না। হেইতে দুই দিন, তিন দিন পর মোরা গোসল করি।’
ধুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান বলেন, ‘ওই দুটি গ্রামে খাবার পানির হাহাকার চলছে। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ে বহু দেন-দরবার করেও কোনো সমাধান করতে পারিনি। এ পর্যন্ত গ্রাম দুটিতে তারা কোনো নলকূপ বরাদ্দ দেয়নি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুর রহিম বলেন, বালু খুঁড়ে যে পানি পাওয়া যায়, তা পানির উপরিস্তর। এ পানিতে প্রচুর পরিমাণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ও আর্সেনিক থাকে। এ পানি খেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। তা ছাড়া শিশুর স্বাস্থ্যের জন্যও এ পানি ক্ষতিকর। তবে তা ফুটিয়ে পান করলে রোগ-ব্যাধি কম হওয়ার আশঙ্কা থাকবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সোহেল রানা বলেন, ‘বিচ্ছিন্ন গ্রাম দুটিতে খাবার পানির সংকট মেটাতে উদ্যোগ নেওয়া যায় কি না, আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দেখব।’