কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজে প্রভাষক নিয়োগে নিষেধাজ্ঞা
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের ইতিহাস ও হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৮ মে কলাপাড়া সহকারী জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কাউকে নিয়োগ না দেওয়ার জন্য এই আদেশ দেন।কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে নাজমুল আলম ও মো. নুরুজ্জামান এবং হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক মো. মাহবুব আলম নিয়োগ পেয়ে ২০০৬ সাল থেকে চাকরিরত আছেন। কলেজ কর্তৃপক্ষ তাঁদের তিনটি পদ শূন্য দেখিয়ে আবার নিয়োগের জন্য ২০১০ সালের ২৯ অক্টোবর দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২৩ নভেম্বর ওই তিনজন শিক্ষক বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (বরিশাল বিভাগ) এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আসামি করা হয়।মামলার বাদী নাজমুল আলম বলেন, ‘আমাদের কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় আমরা এ অন্যায় প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা করেছি। তার পরও কোনো কিছু আমল না করে কর্তৃপক্ষ নতুন শিক্ষক নিয়োগ করেছে।’খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার আগেই ২৫ মার্চ ঢাকায় বসে ওই দুটি বিষয়ে নতুন করে প্রভাষক নিয়োগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নতুন তিনজন শিক্ষক কলেজে যোগও দিয়েছেন।অধ্যক্ষ মো. আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘যথাযথভাবে বিধি মেনেই নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো অন্যায় করা হয়নি। ২৫ মার্চ ছিল ওই দুটিসহ পাঁচটি বিষয়ের নিয়োগ পরীক্ষা। তাঁরা (বাদী পক্ষ) ২৪ মার্চ নিয়োগ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিল। আদালত নিষেধাজ্ঞা দেয়নি। কোনো বাঁধা না থাকায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে।’