কলাপাড়ায় অস্ত্র গুলিসহ ছাত্রলীগের দুজন আটক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলেজ বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুজনকে অস্ত্র, গুলিসহ আটক করেছে র্যাব। তাঁরা হলেন উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজল চৌকিদার ও সদস্য মোহাম্মদ সবুজ।পটুয়াখালী র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা গতকাল সকাল থেকেই কলেজ বাজার এলাকায় অবস্থান নেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা সেখানে ছাত্রলীগের নেতা সজলের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে সজল ও সবুজ পালানোর চেষ্টা করেন। তবে র্যাবের সদস্যরা তাঁদের ধরে ফেলতে সক্ষম হন। এ সময় ধস্তাধস্তিতে র্যাবের দুই সদস্য আহত হন।র্যাব সূত্র আরও জানায়, ছাত্রলীগের আটক দুই নেতার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি শ্যুটারগান ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁরা ওই বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার নুর-উজ-জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।