কলাপাড়ায় আজ দুদকের গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি ১০টি দপ্তরের সেবা নিয়ে গণশুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। কলাপাড়া উপজেলা পরিষদ ক্যাম্পাস চত্বরে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ গণশুনানির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি, দিয়ারা সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রি, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, হিসাবরক্ষণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায়, সমাজসেবা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সেবাসংক্রান্ত বিষয় নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু বলেন, সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে ভুক্তভোগী ব্যক্তির কাছ থেকে অভিযোগ তুলে ধরার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কলাপাড়া প্রেসক্লাব, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। এসব বাক্স থেকে ভুক্তভোগী ব্যক্তিদের দরখাস্ত সংগ্রহ করে তা গণশুনানির সময় উপস্থাপন করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।