কলাপাড়ায় আম-কাঁঠালে ‘বিষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরসহ গ্রামের হাটবাজারগুলোতে রাসায়নিক মেশানো আম ও কাঁঠাল অবাধে বিক্রি করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা ফল দ্রুত পাকানো ও রং আকর্ষণীয় করার জন্য এই অবৈধ কাজ করছেন। এ রকম ফল খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হাটবাজারগুলোতে যশোর ও কুষ্টিয়া থেকে কাঁঠাল আসছে। যশোর, রাজশাহী, বরিশাল ও ঢাকার মোকাম থেকে আনা হচ্ছে আম। আড়তদার ও ব্যবসায়ীরা প্রতিদিন দু-তিনটি ট্রাকে করে আম ও কাঁঠাল উপজেলা শহরে নিয়ে এসে তাঁদের আড়ত ও ব্যবসাপ্রতিষ্ঠানে তোলেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, আম ও কাঁঠাল ট্রাকে করে আনার পর প্রথমে নির্দিষ্ট কয়েকটি ঘরে তোলা হয়। ঘরের একপাশে কয়েকটি সারিতে কাঁঠাল এবং অন্য পাশে আমের ঝুড়ি সাজিয়ে রাখা হয়। এরপর বড় বালতির ভেতর পানির সঙ্গে রাসায়নিক মেশানো হয়। শেষে যন্ত্র বা হাত দিয়ে সেই পানি আম ও কাঁঠালে ছিটিয়ে দেওয়া হয়। এরপর চট দিয়ে আম-কাঁঠালগুলো ঢেকে দেওয়া হয়। এর ওপর দেওয়া হয় পলিথিন। সব শেষে ঘরগুলোর দরজা-জানালা আটকে দেওয়া হয়। বন্ধ ঘরে প্রচণ্ড গরমে আম ও কাঁঠালগুলো এক রাতের মধ্যে পেকে যায়।প্রতি সপ্তাহের রোববার রাতে আম-কাঁঠাল রাখার ঘরগুলো তল্লাশি চালালে রাসায়নিক মেশানোর বিষয়টি ধরা পড়বে। রাসায়নিক মেশানোর পর এসব ফল খুচরা বিক্রেতারা কলাপাড়া পৌর শহরসহ কুয়াকাটা, মহীপুর, আলীপুর, চাপলী বাজার, বাবলাতলা বাজার, বানাতি বাজার, নোমরহাটে নিয়ে গিয়ে বিক্রি করেন। ব্যবসায়ীরা জানান, ইথানল, কার্বাইড, রাইপেনসহ নানা রাসায়নিক পানির সঙ্গে মিশিয়ে আম ও কাঁঠালে ছিটানো হয়। ফল পাকানো ও চকচকে করার জন্য এসব রাসায়নিক মেশানো হয়। আইভি আক্তার নামের এক কলেজছাত্রী বলেন, ‘ওষুধ দেওয়া আম খাইলে কেমন জানি তিতা তিতা লাগে। কোনো স্বাদও লাগে না। এসব ফল খাইলে ক্ষতি যে হবে, তাতে কোনো সন্দেহ নেই।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘রাসায়নিক মেশানো ফল খেলে কিডনি, ফুসফুস, যকৃৎ ক্ষতিগ্রস্ত হওয়াসহ মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে। এই অপতৎপরতা বন্ধে ফরমালিন, কার্বাইডযুক্ত ফল বা অন্যান্য কিছু পরীক্ষা করার যন্ত্রাংশ স্থাপন করার চিন্তা আমাদের রয়েছে। উপজেলা প্রশাসনের সভায় এ নিয়ে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে ভাবছি। এ বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার মহীপুর বন্দরের দুজন অসাধু ব্যবসায়ীকে কাঁঠালে রাসায়নিক মেশানোর সময় হাতেনাতে ধরা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’