কলাপাড়ায় ইউরিয়ার সংকট, দামও বেশি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। সার বিক্রির জন্য নিয়োজিত স্থানীয় ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ডিলারদের কাছে সার যা আছে, তা অতিরিক্ত মূল্যে দিয়ে কিনতে হচ্ছে বলে অনেক কৃষক অভিযোগ করেছেন। আবার অনেক কৃষককে সার না পেয়ে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।উপজেলা কৃষি সমপ্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে বিসিআইসি-নির্ধারিত ডিলার রয়েছে। বাকি পাঁচটি ইউনিয়নে ডিলার নেই। সাতটি ইউনিয়নের ডিলারদের সেপ্টেম্বরের চাহিদা ছিল ২১৮ টন সার। অথচ ডিলাররা চাহিদার অনুকূলে ১৭৩ টন ইউরিয়া বরাদ্দ পেয়েছে। ঘাটতি রয়েছে ৪৫ টন সারের। সার সংকটের সুযোগ নিয়ে ডিলারদের অনেকে প্রতি বস্তা (৫০ কেজি) সার এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি করছে। এ ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে প্রতি বস্তায় ২৫০ থেকে ৩০০ টাকা বেশি রাখা হচ্ছে। আনিপাড়া গ্রামের কৃষক হাতেম আলী সিকদার (৮৫) অভিযোগ করেন, ‘মোর ৫০ কেজি সার দরকার আছেলে। সকাল অইতে রৌদের মধ্যে খারাইয়া থাইক্যা ২০ কেজি সার পাইছি। হ্যাও ২৫ টাহা কইর্যা দর কাটছে।’ আরামগঞ্জ গ্রামের কৃষক আবদুল জলিল (৩৮) বলেন, ‘দুই সপ্তাহ আগে মুই ২১ টাহা দরে সার কিনছি। আইজগো হেই সার ২৪-২৫ টাহা দরে বিক্রি করতেছে। কয়েকটা দোহান ঘুইর্যা মাত্র ১০ কেজি সার কেনতে পারছি।’গতকাল মঙ্গলবার বহু কৃষক এসেছিলেন উপজেলা সদরের ডিলারদের কাছে সার কেনার জন্য। সার না পেয়ে বহু কৃষককে খালি হাতে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামের কৃষক ফয়জর আলী আকন (৫০), টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কৃষক মাহবুব মৃধা (৩৫) অভিযোগ করেন, উপজেলা সদরের বহু দোকানে ধরনা দিয়েও সার পাননি। উপজেলা সদরের সার বিক্রেতা মেসার্স ফরহাদ এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন বলেন, এ মাসে সার তোলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার বরাদ্দপত্র (ডিও) দেওয়া হয়েছে। এখন ওই জায়গা থেকে সার তুলে আনতে গেলে যে সময় যাবে, তাতে মৌসুম থাকবে না। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, আশুগঞ্জ থেকে সার তোলার বরাদ্দপত্র দেওয়ার কারণেই ডিলাররা সার তুলতে চাইছেন না। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।