কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হোমিও চিকিৎসক গৌতম মজুমদারের স্ত্রী মানবিকা বিশ্বাসের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার সময় কলাপাড়া থানা-পুলিশ পৌর শহরের উপজেলা সড়ক এলাকার বাসভবন থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী গৌতম মজুমদারকে পুলিশ আটক করেছে। মানবিকা বিশ্বাসের বাবার বাড়ি গলাচিপা পৌর শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায়।
প্রতিবেশী সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার দুপুরেও ভাত খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর না খেয়েই মানবিকা বিশ্বাস দিন পার করেন। তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে মেরে ফেলা হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।
কলাপাড়া থানার উপপরিদর্শক নাজমুল হোসেন বলেন, ‘আমরা ওই রাতেই বাড়ির দোতলা থেকে মরদেহ উদ্ধার করেছি। এরপর মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে।’
নিহত মানবিকার চাচাতো ভাই অমিতাভ বিশ্বাস বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে, এটা হত্যা না আত্মহত্যা। তখন এ বিষয়ে আমরা যা কিছু করার করব।’