কলাপাড়ায় ঘরের দরজা ভেঙে ডাকাতি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। শহরের আট নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আফাজ উদ্দিনের বাড়িতে ওই ডাকাতি হয়।ডাকাতেরা ঘরের প্রধান ফটক ভেঙে অস্ত্রের মুখে বাড়ির বাসিন্দাদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. মতিয়ার রহমান বলেন, ‘ঘরের দরজা ভেঙে লোকজনকে জিম্মি করে যেভাবে ডাকাতি করেছে, তা রীতিমতো চিন্তার বিষয়। আমি সরেজমিনে গিয়ে দেখেছি, ডাকাতেরা ঘরের প্রধান ফটক, আসবাব ও স্টিলের আলমারি ভেঙে তছনছ করে দিয়েছে।’বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, ‘আমি ডাকাতির পর পরই পুলিশকে জানিয়েছি। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকালে লিখিত অভিযোগ দেওয়া হলেও মামলা রেকর্ড করেনি।’কলাপাড়া থানার ওসি মো. ইসাহাক আলী বলেন, ‘আমরা ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে এটা আসলে ডাকাতির মধ্যে পড়ে না, বড় ধরনের চুরি বলা যায়। এখনো মামলা রেকর্ড হয়নি, তবে হবে।’