কলাপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ২০, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে রাশেদ খান (১৮), আল আমিন (১৮), বিপ্লব (১৬), রাসেল (২২), বাচ্চু গাজী (৩০), মামুন মোড়ল (২৫), শিপন (৩০) ও কালাম মোড়লকে (২৭) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুজন মোল্লা ও সহসভাপতি জাকির হোসেনের মধ্যে দলে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে গত সোমবার দুপুর ১২টার দিকে শহরের মহিলা মার্কেট এলাকায় সুজন মোল্লার সমর্থক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খানকে জাকির হোসেনের সমর্থকেরা মারধর করেন।এ নিয়ে ওই দিন রাত আটটার দিকে সুজন মোল্লা ও জাকির হোসেনের সমর্থকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এতিমখানা, নতুন বাজার ও কর্মকারপট্টি এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মহিলা মার্কেটে জাকির হোসেন পক্ষের জিতু মিয়ার দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। রাত ১১টা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার পর গতকাল মঙ্গলবার সকালেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে সুজন মোল্লার পক্ষ শহরে লাঠিসোঁটা নিয়ে মিছিল করে। এ সময় তারা বিসমিল্লাহ বেকারি ও আরিফ ডিজিটাল স্টুডিও নামে দুটি প্রতিষ্ঠানে ভাঙচুর করে। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান প্রথম আলোকে বলেন, ‘দলের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে উপজেলা ছাত্রলীগ। বখাটেরা দলে ঢুকে বিভেদ সৃষ্টি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’