কলাপাড়ায় ছাত্রলীগের হামলায় যুবদলের ১০ নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত শনিবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ধুলাসার ইউনিয়ন যুবদলের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতক্ষ্যদর্শী ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধুলাসার ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে শনিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি হুমায়ুন শিকদারের পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসায় সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলনের এক পর্যায়ে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব গাজীর নেতৃত্বে অভি গাজী, রিয়াজ, লিটন, মোতালেবসহ ছাত্রলীগের ২০-২৫ জন ওই বাসার সামনের সড়কে অবস্থান নেন। এ সময় বিএনপির নেতারা থানায় ফোন করলে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ ফারুক বলেন, সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের কলেজ রোড এলাকায় এবং মাদ্রাসা সড়কে যুবদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা হামলা চালান। এতে যুবদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছাত্রলীগের কর্মীরা সেখান থেকেও তাঁদের তাড়িয়ে দেন।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী বলেন, এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগও দেওয়া হয়নি।