কলাপাড়ায় জমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
জমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গ্রামের বাসিন্দারা বিকেল চারটায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ রানা প্রমুখ। কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. নুরুল হক মুনশি বলেন, এক মাস ধরে এই এলাকার ফসলি জমিসহ ভিটেমাটি মাপজোক করে চিহ্নিত করা হয়েছে। কোনো কোনো জায়গায় নিশানও টানানো হয়েছে। পুরো গ্রামের জমি অধিগ্রহণ করার চেষ্টা চলছে। এর ফলে নষ্ট হবে অন্তত ১০ হাজার একর ফসলি জমি।
এ কর্মসূচি চলাকালে জানানো হয়, ইটবাড়িয়ার জমি অধিগ্রহণ যাতে না করা হয়, সে জন্য প্রধানমন্ত্রী বরাবর আজ মঙ্গলবার স্মারকলিপি পেশ করা হবে।