কলাপাড়ায় জমি অধিগ্রহণ না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হাজার খানেক বাসিন্দা গতকাল সোমবার তাঁদের ভিটা ও ফসলি জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় কোস্টগার্ড ২০০ একর জমি চেয়েছে। কোস্টগার্ডের প্রত্যাশিত ওই জমি অধিগ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। ওই জমি অধিগ্রহণ না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ইউনিয়নবাসী এ কর্মসূচি পালন করে। বেলা ১১টার দিকে শুরু হওয়া মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনটি শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পাথরঘাটা থানা পর্যন্ত চলে যায়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ হয়। এরপর ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। ইউএনও স্মারকলিপিটি গ্রহণ করেন।