কলাপাড়ায় জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দারা ফসলি জমিসহ বসতভিটা অধিগ্রহণ-চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা তিনটায় বালিয়াতলী খেয়াঘাটসংলগ্ন ইটবাড়িয়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ওই এলাকার যেসব জমি অধিগ্রহণ করা হবে, সেসব জায়গায় লাল, নীল, হলুদ ও বেগুনি রঙের পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইটবাড়িয়া গ্রামের কৃষক, নারী-পুরুষসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এর প্রতিবাদ জানান। ক্ষতির শিকার হওয়ার আশঙ্কায় এসব মানুষ জমি অধিগ্রহণের প্রতিবাদে স্লোগানও দেন।
এ সময় কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে বলেছিলেন, কৃষিজমি নষ্ট করে কোনো উন্নয়ন হবে না। কোনো কাজের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হলে ইটবাড়িয়া গ্রামের দুই ফসলি কৃষিজমি বাদ দিয়ে পরিত্যক্ত বা চরাঞ্চলের জমি অধিগ্রহণ করতে পারে। তা ছাড়া এ এলাকার মানুষ পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। এসব জমি নষ্ট হয়ে গেলে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘পায়রা সমুদ্রবন্দর হোক তা আমরা চেয়েছিলাম। এ জন্য এলাকার মানুষজন স্বেচ্ছায় জমি দিয়েছে। এখন খাল কেটে কুমির আনার মতো আমাদের অবস্থা হয়েছে। সরকারের কাছে এসব কৃষিজমি অধিগ্রহণ যাতে না হয়, সে জন্য দাবি জানাই।’
কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ রানা বলেন, ‘এসব জমির মধ্যে আমাদের পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে। মাছের ঘের, পুকুর রয়েছে। বসতবাড়ি রয়েছে। সেসব নষ্ট করে জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না।’
টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান বলেন, ‘টিয়াখালী একটি ছোট ইউনিয়ন। এখানে কৃষিজমি এমনিতেই কম। তারপরও দেশের উন্নয়নের স্বার্থে পায়রা বন্দরকে কেন্দ্র করে টিয়াখালী থেকে ১০৮ একর কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে। এখন বাকি পরিমাণ কৃষিজমি নিয়ে গেলে জমির ওপর নির্ভরশীল মানুষগুলোর পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।’
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নুরুল হক মুন্সী, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর মো. মতিয়ার রহমান হাওলাদার, মো. ইউসুফ আলী, খন্দকার নাসির উদ্দিন, মো. নুরুজ্জামাল আকন বক্তব্য দেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস ভূমির অধিগ্রহণ বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অধিগ্রহণ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল প্রস্তাব আসেনি।’