কলাপাড়ায় জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
ফসলি জমিসহ বসতভিটা অধিগ্রহণ চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ সোমবার বিকেল চারটার সময় টিয়াখালী ইউনিয়নের গ্রামটিতে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্তত দুই হাজার মানুষ।
সমাবেশে কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া যদি একের পর এক জমি অধিগ্রহণ হতে থাকে, তাহলে হাজার হাজার মানুষ তাদের ফসলি জমি, বসতভিটা হারাবে। তা ছাড়া যেসব মানুষ শুধু ফসলি জমির ওপর নির্ভরশীল, তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। আমরা মনে করি, মানুষজনকে নিঃস্ব করে দিয়ে কোনো উন্নয়ন হতে পারে না।’
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘ইটবাড়িয়ায় পায়রা সমুদ্রবন্দরসহ চার লেনের সড়ক নির্মাণ করার জন্য সরকারের যে জমি প্রয়োজন ছিল, তা বিনা দ্বিধায় গ্রামের বাসিন্দারা দিয়েছে। আমরা শুনেছি সরকার আরও জমি অধিগ্রহণ করবে। এটা করা হলে শত শত বছর ধরে গড়ে ওঠা একটি জনপদ বিলীন হয়ে যাবে।’
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. নুরুল হক মুন্সী বলেন, ‘এক মাস ধরে এই এলাকার ফসলি জমিসহ ভিটেমাটির মাপজোক করে চিহ্নিত করা হয়েছে। কোনো জায়গায় লাল নিশানও টানিয়েছে। পুরো গ্রামের জমি অধিগ্রহণ করার চেষ্টা চলছে। এর ফলে পার্শ্ববর্তী জিয়া কলোনিসহ ইটবাড়িয়া গ্রামের এক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নষ্ট হবে অন্তত ১০ হাজার একর ফসলি জমি।’
টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু বলেন, ‘পায়রা বন্দর নির্মিত হওয়ার কারণে আমরা চার লেনের সড়ক এবং বন্দরের স্থাপনা নির্মাণের জন্য ৭২ একর জমি দিয়েছি। আরও ৭০০ একর জমি অধিগ্রহণ করবে বলে শুনেছি। এ জন্য মাঠপর্যায়ে কাজও শুরু হয়েছে।’
কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ রানা বলেন, ‘এখানে আমাদের বাপ-দাদার কবর রয়েছে। মসজিদ রয়েছে। প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাই ইটবাড়িয়ার জমি কোনো সংস্থার নামে অধিগ্রহণ করা যাবে না।’ এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. নুরুজ্জামান আকন, বীনা বেগম, সালমা বেগম প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ থেকে ইটবাড়িয়ার জমি অধিগ্রহণ যাতে না করা হয়, সে দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আগামীকাল মঙ্গলবার স্মারকলিপি পেশ করার কথা জানানো হয়।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জমি অধিগ্রহণ হওয়ার কথা শুনেছি। তবে আমি ভালো বলতে পারব না।’