কলাপাড়ায় জেলেদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জেলেদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অর্থের বিনিময়ে অন্য পেশার লোকজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের এক জেলে গত রোববার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তর জেলেদের সরকারি সুবিধা দেওয়ার জন্য ‘জেলেদের পরিচয়পত্র ও নিবন্ধন’ প্রকল্পের মাধ্যমে গত ২৬ ডিসেম্বর থেকে জরিপের কাজ শুরু করে। এ কাজ ২২ জানুয়ারি পর্যন্ত চলার কথা। উপজেলার ১২টি ইউনিয়নের ২৫ জন প্রাথমিক শিক্ষককে জেলেদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।ডালবুগঞ্জ ইউনিয়নের উত্তর মনসাতলী গ্রামের জেলে মো. কাদের প্যাদা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাঁরা তালিকাভুক্ত হওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের কাছে গিয়েছিলেন। ওই শিক্ষক তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য জনপ্রতি দুই হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁদের তালিকাভুক্ত করা হয়নি। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. জাফর হাওলাদার, শহিদুল, সাইদুল, জাফরসহ ৫২ জন প্রকৃত জেলে তালিকা থেকে বাদ পড়েছেন।তবে আলমগীর হোসেন জানান, ফরম না থাকায় অনেক জেলেকে তালিকাভুক্ত করা যায়নি। কিছু ভুল-ত্রুটি হতে পারে, তা মৎস্য কর্মকর্তা যাচাই করে দেখবেন। টাকা চাওয়ার বিষয়টি সঠিক নয়।ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক দেলওয়ার হোসেন জানান, মনসাতলী গ্রামের কিছু প্রকৃত জেলে তালিকাভুক্ত হতে পারেননি। বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শেরিফুল হক আকন্দ বলেন, ‘টাকা চাওয়া হয়েছে এ রকম কথা শুনে আমি খোঁজ নিয়েছি। কিন্তু এখনো সে রকম কিছু পাইনি। তবে কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যারা এখনো তালিকাভুক্ত হতে পারেনি, তাদের তালিকাভুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’