কলাপাড়ায় তরমুজ গাছ নষ্ট হয়ে যাচ্ছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার তরমুজখেতের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তবে কৃষকেরা এর কারণ বুঝতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন। অবশ্য কৃষিবিদেরা বলছেন, ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে গাছগুলো মারা যাচ্ছে।চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তরমুজচাষি ইউসুফ খাঁ বলেন, ‘আমি ছয় বিঘা জমিতে তরমুজের খেত করছেলাম। হেইয়ার মধ্যে দুই বিঘা খেতের তরমুজের গাছ এক্কেবারে নষ্ট অইয়া গ্যাছে। এই বছর গাছের গোড়া ও ডাল ফাইট্যা গাছ মইর্যা যাইতেছে বেশি। এই সমস্যা আগে কহনো দেহি নাই। এই তামাইত ৭০ হাজার টাহা খরচ কইর্যা হালাইছি। খেতের যে অবস্থা, লাভ তো দূরের কতা, আসলই ওঠবে না।’ তাঁর মতো প্রায় একই ধরনের মন্তব্য করলেন একই গ্রামের ইসমাইল খাঁ ও ইব্রাহিম খাঁ, মাছুয়াখালী গ্রামের ফারুক মোল্লা ও নির্মল হাওলাদার, লোন্দা গ্রামের আবদুল জব্বার হাওলাদারসহ কয়েকজন।উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান বলেন, ‘খেতে নতুন করে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ দেখা দেওয়া, সার ও কীটনাশকের সুষম ব্যবহার না করা এবং একই জমিতে বারবার তরমুজের চাষ করায় এ অবস্থা হয়েছে। কৃষকেরা ডিলারদের পরামর্শ অনুযায়ী খেতে ওষুধ ব্যবহার করায় বেশি সমস্যা হচ্ছে। তরমুজের গাছের চারটি ডগা রেখে বাকি ডগা কেটে দিতে হবে। অথচ কৃষকেরা তা করছেন না। এর পরও তৈরি খেতগুলো রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এই দুটি ইউনিয়নে এক হাজার ৮০০ একর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে ১০০ একরের গাছ একেবারে নষ্ট হয়ে গেছে। আরও ৬০০ একরের গাছ রোগাক্রান্ত হয়েছে।