কলাপাড়ায় তিন গ্রামে কালবৈশাখীতে ১৩ ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া, আনিপাড়া ও নেওয়াপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখীতে ১৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও নয়টি ঘর ও একটি মসজিদ। গত শুক্রবার রাত সোয়া দুইটার সময় কালবৈশাখী ঝড়ে এমন ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় নিজেদের বাঁচাতে গিয়ে ঘরের নিচে পড়ে আহত হয়েছে কচুপাত্রা নদীর পারের কাঁঠালপাড়া গ্রামের একই পরিবারের চারজন। তাঁরা হলেন জালাল আকন (৩৮), কদবানু বেগম (৫৫), তাওহীদ ইসলাম (৫) ও মিজানুর রহমান (১০)। কাঁঠালপাড়া গ্রামের জালাল আকন বলেন, ‘মোগো ঘরডা নদীর কূলে। রাইতে পোলাপান লইয়া ঘুমাইন্যা আছেলাম। হঠাৎ কইর্যা হুনি শোঁ শোঁ শব্দ। কিছু বোজোনের আগেই দৈত্যের মতোন বাতাস আইয়া মোর ঘরডা হালাইয়া দেলে।’একই গ্রামের সত্তরোর্ধ্ব লালবরু বেগম বললেন, ‘মুই যে কোমমে থাকমু হেইয়া কইতে পারি না। এ্যাহন মোর ভিডাডা ছাড়া আর কিচ্ছু নাই।’কাঁঠালপাড়া গ্রামের ইউপি সদস্য মামুন শিকদার বলেন, ‘আমাদের ওই গ্রামটার মানুষজন খুবই গরিব। কাম-কাইজ কইর্যা, কেউ নদীতে মাছ ধইর্যা জীবন চালায়। বারবার ঝড়-বইন্যায় এরাই ক্ষতির মধ্যে পড়ে।’উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ইতিমধ্যে খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখার জন্য যাব এবং খোঁজখবর নিয়ে যথাসম্ভব সহায়তা করব।’