কলাপাড়ায় দেয়াল তুলে দোকান দখল!
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পাকা দেয়াল তুলে দোকানঘর দখলে নিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলাম গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার দিনের বেলায় এ ঘটনা ঘটে।সাইদুল হক নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, তিনি কলাপাড়া পৌর শহরের কৃষি ব্যাংকসংলগ্ন খাস খতিয়ানের ১৪ ফুট দৈর্ঘ্যের ও আট ফুট প্রস্থের জমি বন্দোবস্ত নিয়ে ঘর তুলে তিন বছর ধরে ব্যবসা করছেন। রোববার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সোমবার সকালে এসে দেখেন রফিকুল ইসলাম গাজী লোকজন নিয়ে তাঁর দোকানের সামনে দিয়ে পাকা দেয়াল তুলছেন। পরে তাঁর দোকানে তালা মেরে দেওয়া হয়।রফিকুল ইসলাম গাজী এ বিষয়ে বলেন, তিনিই ওই জমি আগে থেকে ভোগ দখল করে আসছিলেন। জরুরি অবস্থা চলার সময় সেখান থেকে তাঁকে উচ্ছেদ করা হয়। পরে সাইদুল ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সেখানে আধাপাকা ঘর তুলে দখলে নেন। সাইদুলকে ভূমি অফিস যে জমি বন্দোবস্ত দিয়েছে, তা এই জমি নয় বলে দাবি করেন তিনি।কলাপাড়া ভূমি অফিসের কানুনগো গিয়াস উদ্দিন আহমেদ বলেন, সাইদুল হক তাঁর ডিসিআর এ বছরও নবায়ন করেছেন। রফিক গাজীও ওই জমি তাঁর দাবি করে আসছেন।